স্বামীর আয়ু বৃদ্ধির ধর্মীয় আচারে স্ত্রীর অস্বীকৃতি, থানায় ‘হত্যা চক্রান্তের’ অভিযোগ এক ব্যক্তির
ভারতে স্বামীর দীর্ঘায়ু কামনায় উদ্যাপিত ঐতিহ্যবাহী ‘করবা চৌথ’ ব্রত পালন করতে অস্বীকার করায় স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। স্ত্রীর এই অস্বীকৃতিকে তাঁকে ‘হত্যার চক্রান্ত’ হিসেবে অভিহিত করে বিবাহবিচ্ছেদের হুমকিও দিয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায়। অভিযোগকারী ব্যক্তির নাম বরেলাল আদিবাসী, যিনি শিবপুরীর বিজরাওয়ান গ্রামের বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগে বরেলাল দাবি করেন, তাঁর স্ত্রী মিথিলেশ আদিবাসী তাঁর প্রতি অনুগত নন, স্ত্রী তাঁর দীর্ঘায়ু চান না।
অভিযোগপত্রে বরেলাল উল্লেখ করেন, ‘আমার স্ত্রী আমার জন্য করবা চৌথ-এর উপবাস পালন করছেন না, তিনি আমাকে মেরে ফেলতে চান। আমি তাঁকে চাঁদের দিকে তাকিয়ে প্রথাগত পূজা সম্পন্ন করতে বলেছিলাম, যাতে আমার আয়ু বৃদ্ধি পায়। কিন্তু তিনি তা করতে অস্বীকার করায় স্পষ্ট যে তিনি আমার মৃত্যু চান।’
- ট্যাগ:
- জটিল
- দীর্ঘায়ু জীবন