উত্তরাখন্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতের উত্তরাখন্ড রাজ্যের চামোলি জেলায় যোশীমঠ-বদ্রিনাথ রুটে পাইলটসহ ছয়জনকে নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তুষারপাতের মধ্যে বেলা ২টা ১৫ মিনিটের দিকে বদ্রিনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। পরে হাতি পর্বত এলাকার কাছে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে এটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। এতে রাজ্যের উদ্ধারকারী দল, সেনাবাহিনী, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুষ্কর সিং ধামি বলেন, ‘যোশীমঠের কাছের ছাইয়ে গ্রাম এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক খবর পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হেলিকপ্টার বিধ্বস্ত