পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন মির্জা ফয়সল, দেলাওয়ার বললেন, ‘বেস্ট অব লাক’

প্রথম আলো প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:৪৫

ঠাকুরগাঁও–১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জয়ী হওয়ার পর ফুলের তোড়া হাতে পরাজিত প্রার্থীর বাড়ি গেলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়ি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মির্জা ফয়সল আমীন। এ সময় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোলাকুলি করেন, পরস্পরকে মিষ্টিমুখ করান এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


গতকাল বৃহস্পতিবার উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। এতে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।


নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই অনিয়ম, জাল ভোট ও পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় জামায়াতে ইসলামী। এমন পরিস্থিতির মধ্যেই আজ দুপুর পৌনে ১২টার দিকে দেলাওয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর হাজীপাড়ার বাসায় যান মির্জা ফয়সল আমীন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন উর রশিদ, পৌর বিএনপির সহসভাপতি আতাউরসহ দলীয় নেতা–কর্মীরা।


জামায়াতে ইসলামীর ওই প্রার্থীর বাড়ি পৌঁছানোর পর উভয়ই কোলাকুলি করেন। মির্জা ফয়সলকে অভিনন্দন জানিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ‘বেস্ট অব লাক (শুভকামনা)।’ এরপর দুজনের মধ্যে এলাকার উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে কথা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও