বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল
বাংলাদেশের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ তিন বছর পেছানোর প্রক্রিয়া চূড়ান্ত করেছে জাতিসংঘ।
১৯৭৫ সালে এলডিসি তালিকাভুক্ত হওয়া বাংলাদেশের সঙ্গে নেপালকেও এই সুযোগ দিয়ে নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার এক প্লেনারি মিটিংয়ে এ প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকাল চলতি বছর ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়াতে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে বাড়তি এ সময় মিলল।
‘গ্রুপ অব ৭৭’ ও চীনের পক্ষে দক্ষিণ এশিয়ার এ দুদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পেছানোর বিষয়ে খসড়া প্রস্তাব উপস্থাপন করেন উরুগুয়ের প্রতিনিধি।
পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়। ওই সেশনে সভাপতিত্ব করেন জাতিসংঘের একাশিতম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
বাংলাদেশের প্রস্তাবের বিষয়ে কোনো দেশের প্রতিনিধি বক্তব্য রাখেননি বা এর বিরোধিতা করেননি।