মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

প্রথম আলো প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫১

হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘এক্স-মেন’-এর প্রফেসর চার্লস জেভিয়ার কিংবা বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ‘স্টার ট্রেক’-এর ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড-দুই চরিত্রেই অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট। ছয় দশকের বেশি সময় ধরে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করা ব্রিটিশ এই অভিনেতা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।


গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে মারা যান প্যাট্রিক স্টুয়ার্ট। গতকাল বৃহস্পতিবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্যাট্রিক স্টুয়ার্ট আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন। শেষ সময়ে পাশে ছিলেন স্ত্রী সানি ওজেল। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের ভালোবাসা, সংগীত, প্রার্থনা, হাসি-কান্নার মধ্যেই জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন এই অভিনেতা।


১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্ম প্যাট্রিক স্টুয়ার্টের। সাধারণ এক পরিবারে বেড়ে ওঠা এই অভিনেতার অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় শৈশবেই। বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক তাঁকে আকৃষ্ট করেছিল। পরবর্তী সময়ে অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে যুক্ত হন ব্রিটেনের খ্যাতনামা রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে। মঞ্চে দীর্ঘদিন অভিনয় করে প্রতিষ্ঠা পান দক্ষ অভিনেতা হিসেবে।


তবে আন্তর্জাতিক দর্শকের কাছে স্টুয়ার্টের ব্যাপক পরিচিতি আসে তুলনামূলক বেশি বয়সে। ১৯৮৭ সালে শুরু হওয়া ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ ধারাবাহিকে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৪৭ বছর। ১৯৯৪ সাল পর্যন্ত প্রচারিত সাত মৌসুমের ধারাবাহিকটি তাঁকে বিশ্বজোড়া জনপ্রিয়তা এনে দেয়। পরে ‘স্টার ট্রেক’-এর একাধিক চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রচারিত ‘স্টার ট্রেক: পিকার্ড’ সিরিজেও ফিরে আসেন পরিচিত চরিত্রে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও