১৫ মিনিটে হ্যাটট্রিক, হাজার গোলের আরও কাছে রোনালদো
শেষ দুই ম্যাচে গোল না পাওয়ায় অপেক্ষা কিছুটা বেড়েছিল। তবে এক ম্যাচেই তিন গোল করে সেই দূরত্ব অনেকটা কমিয়ে আনলেন ক্রিস্তিয়ানো রোনালদো। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে আল-নাসরকে এনে দিলেন দারুণ এক জয়। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের গোলসংখ্যা নিয়ে গেলেন ৯৮৫-তে। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১৫ গোলের অপেক্ষা।
বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে ৫-৩ গোলে জিতেছে আল-নাসর। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বিরতিতে ২-২ সমতায় ছিল রোনালদোর দল। কিন্তু দ্বিতীয়ার্ধে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পর্তুগিজ অধিনায়ক। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে পূর্ণ করেন ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক।
রোনালদোর তিন গোলের আগে অবশ্য ম্যাচটা মোটেও সহজ ছিল না আল-নাসরের জন্য। ১৬ মিনিটে জুলিয়েন দোমিঙ্গেসের গোলে এগিয়ে যায় আল খুলুদ। আবদুল রহমান আল দাওসারির ক্রস থেকে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। তবে আট মিনিট পরই সমতায় ফেরে আল নাসর। জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।
৩৮ মিনিটে সাদিও মানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও সমতায় ফেরে আল খুলুদ। এবার গোল করেন আন্তোয়ান এসোম্বা। ফলে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।