ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা
সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, প্রতিটি ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা ও চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর। নিবন্ধন নবায়ন করতে হবে প্রতিবছর।
আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করেছে। এতে ই-রিকশার সংখ্যা নির্ধারণ, নিবন্ধন, চলাচলের রুট, গতিসীমা, পার্কিং ও চার্জিং ব্যবস্থা এবং নিরাপত্তার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন বিধিমালা কার্যকরের সঙ্গে সঙ্গে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর জারি করা ই-রিকশা চলাচল বিধিমালা রহিত করা হয়েছে।
বিধিমালা অনুযায়ী, প্রতিটি সিটি করপোরেশন সরকারের পূর্বানুমোদন নিয়ে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের সঙ্গে পরামর্শ করে নিজ এলাকায় ই-রিকশার সংখ্যা নির্ধারণ করবে। প্রয়োজনে এলাকাভিত্তিক বা জোনভিত্তিকভাবে এই সংখ্যা নির্ধারণ করা যাবে।
ই-রিকশার নিবন্ধন পেতে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে বিধিমালার ৪ নম্বর বিধিতে বয়সের শর্তে বলা হয়েছে, আবেদনকারীকে ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, দুই কপি ছবি, ফি জমার রসিদ ও নির্ধারিত ফিটনেস সনদ জমা দিতে হবে। আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষ নিবন্ধন দেবে। আবেদন নাকচ হলে সাত কার্যদিবসের মধ্যে কারণ লিখিতভাবে জানাতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিবন্ধন
- ব্যাটারিচালিত রিকশা