চীনের কুংফু রোবট উন্মোচন, যেসব কাজে পারদর্শী
গাড়ির দরজা জোরে লাথি মেরে ভাঙতে, উঁচু স্থান থেকে লাফ দিতে এবং ছুরি হাতে হামলাকারীকে কাবু করতে সক্ষম মানবসদৃশ রোবট উন্মোচন করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান।
চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউনিট্রি রোবোটিকস সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নতুন রোবট ‘এইচ২-এক্স কুংফু লিজেন্ড গার্ডিয়ান’-এর একটি ভিডিও প্রকাশ করেছে। এতে রোবটটিকে মার্শাল আর্টের বিভিন্ন কৌশল প্রয়োগ এবং জরুরি পরিস্থিতিতে মানুষকে সহায়তা করতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, রোবটটি একটি পার্ক করা গাড়ির ওপর উঠে ডিগবাজি দেয় এবং পরে গাড়ির দরজায় লাথি মারে। অন্য একটি দৃশ্যে প্রায় চার মিটার উঁচু স্থান থেকে লাফ দিয়ে মাটিতে অবতরণ করে সেটি।
এ ছাড়া এক নারীকে ছুরি হাতে আক্রমণ করতে এগিয়ে আসা এক ব্যক্তিকে বাধা দিয়ে আটকে রাখতেও দেখা যায় রোবটটিকে। পাশাপাশি গাড়ির নিচে আটকে পড়া একজনকে উদ্ধার এবং দ্রুতগতির গাড়ির সামনে থেকে শিশুর আকৃতির একটি পুতুল সরিয়ে নেওয়ার দৃশ্যও রয়েছে ভিডিওতে।
প্রতিষ্ঠানটির দাবি, রোবটটির সর্বোচ্চ স্ট্যান্ডবাই সময় প্রায় আট ঘণ্টা।
তবে রোবটটির দাম, বাজারে ছাড়ার তারিখ কিংবা বিস্তারিত প্রযুক্তিগত বৈশিষ্ট্য এখনো প্রকাশ করেনি ইউনিট্রি রোবোটিকস। ভিডিওতে দেখানো সব কাজ রোবটটি নিজে থেকেই করতে পারে, নাকি দূর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত হয়েছে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।