হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
কিছুদিন আগেই অসুস্থতা থেকে উঠে এসেছেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ভাইরাল জ্বরে ভুগেছিলেন ১২ দিন! এরপর সুস্থ হয়ে ফেরেন তার চেনা ছন্দে। দিন কয়েক আগেই তার নতুন লুক প্রকাশ করেছিলেন। এক মেকওভারের মাধ্যমে চুলের রঙ ও স্টাইলে কিঞ্চিৎ পরিবর্তন এনেছিলেন। তা বেশ নজর কেড়েছিল।
তবে এবার হঠাৎ করে কনের সাজে নিজেকে মেলে ধরলেন; একগুচ্ছ ছবিতে তাকে দেখা গেল রাজকীয় আবহে।
সাধারণত ব্রাইডাল লুক কিংবা কনে সাজে খুব একটা দেখা যায় না সাদিয়াকে। তবে অনেকদিন পরই যেন এই অবতারে দেখা মিলল তার; ইতোমধ্যে অভিনেত্রীর এই বৈচিত্রময় সাজ বেশ চমকে দিয়েছে নেটিজেনদের।
আসছে শীতের মৌসুম। আর এলেই যেন পড়ে যায় বিয়ের হিড়িক। এমন চিন্তাভাবনাকে সামনে রেখে ব্রাইডাল লুকে মেলে ধরা সাদিয়া আয়মানের। এর নেপথ্যে কসমেটিক্স ও জুয়েলারি ব্র্যান্ডের স্পনসরশিপ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন; তাতেই দেখা যায় অভিনেত্রীর এই কনে সাজ। তার পরনে চমৎকার ও জমকালো ঐতিহ্যবাহী শাড়ি। এর সাথে মানানসই ঐতিহ্যবাহী গহনা; যেমন—চোকার নেকলেস, মাং টিকা আলাদাভাবে নজর কেড়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- কনের সাজ
- সাদিয়া আয়মান