You have reached your daily news limit

Please log in to continue


সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ

দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ করছেন সৈয়দ শাকিল। বানিয়েছেন ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামের দুটি ওয়েব ফিল্ম। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নিজের প্রথম সিনেমায় নায়ক হিসেবে বেছে নিয়েছেন শরিফুল রাজকে। গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় শরিফুল রাজের সঙ্গে ছবি শেয়ার করে সিনেমার ঘোষণা দেন সৈয়দ শাকিল।

নায়ক হিসেবে শরিফুল রাজের নাম জানালেও এখনো সিনেমার নাম ও অন্য শিল্পীদের নাম জানাতে চাইলেন না শাকিল। আজকের পত্রিকাকে তিনি জানালেন, আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সিনেমাটির। তখন জানাবেন সিনেমার নাম, পরিচয় করিয়ে দেওয়া হবে নায়িকাকে।

গল্প নিয়ে এখনই বিস্তারিত না জানালেও সৈয়দ শাকিল জানালেন, বড় পর্দায় তিনি এমন গল্প দেখাতে চান, যা পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যাবে। তিনি বলেন, ‘একসময় আমাদের দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত। যাকে বলা হতো সামাজিক সিনেমা। আমি সে ধরনের ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।’

সৈয়দ শাকিল আরও বলেন, ‘অনেক আগে থেকেই সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু দিন দিন আমাদের দেশের হলের সংখ্যা কমে আসছে। এখন সিনেমা হয়ে গেছে সিনেপ্লেক্স-নির্ভর। সম্প্রতি সিনেপ্লেক্সে বাংলা সিনেমার দর্শক বাড়ছে। এই বিষয়টি সিনেমা নির্মাণে সাহস জোগাচ্ছে। এ ছাড়া বাইরের দেশে আমাদের সিনেমার একটা বাজার তৈরি হচ্ছে। আমার সিনেমাটিও বিদেশের হলে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। বিভিন্ন উৎসবেও পাঠানোর পরিকল্পনা আছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কথা বলেছি। মোট কথা সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সব রকমের পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিনেমাটিকে আমার কালচারাল ট্যুরিজমের পার্ট হিসেবে উপস্থাপন করতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন