বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা
আয়ারল্যান্ডের বিমানবন্দরে হেনস্তার শিকার শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গকারা। শুধু তাই নয়, লংকান সাবেক এই অধিনায়ক ও তার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বিমানের কর্মীরা। ঠিক কী কারণে এরকম ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানাননি তিনি।
আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে তাকে ও তার পরিবারকে হেনস্তা করা হয়েছে। আয়ারল্যান্ডের রায়ানএয়ার বিমানসংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছেন ৪৮ বছর বয়সি সাবেক এই তারকা ক্রিকেটার।
সাঙ্গাকারার অভিযোগ, তার ও তার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বিমানসংস্থার কর্মীরা। তাদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এক্স মাধ্যমে সাঙ্গাকারা লেখেন, কেউ কি ডাবলিনে রায়ানএয়ার সংস্থার কর্মীদের কাছে হেনস্তা হয়েছেন? আমার ও আমার পরিবারের এমনই অভিজ্ঞতা হলো। অবাক হয়েছি। যেভাবে ওরা কথা বলেছেন, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, হুমকি দিয়েছেন তা ভয়াবহ। কোনও যাত্রীর এই ধরনের ব্যবহার প্রাপ্য নয়। ডাবলিনে প্রথম খারাপ অভিজ্ঞতা।
কেন এবং কী কারণে বিমানসংস্থার কর্মীরা তার সঙ্গে খারাপ আচরণ করেছেন, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সাঙ্গাকারা। ডাবলিন বিমানবন্দর বা রায়ানএয়ার বিমানসংস্থাও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি।
- ট্যাগ:
- খেলা
- হেনস্তার শিকার
- কুমার সাঙ্গাকারা