রূপপুরে শুরু ‘পাওয়ার স্টার্ট’, গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ধাপ শুরু
বিদ্যুৎ উৎপাদন শুরুর চূড়ান্ত ধাপের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক বিক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। ভৌত পরীক্ষার (ফিজিকস টেস্ট) ফলাফল পরীক্ষা করে চূড়ান্ত ধাপ শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এই ধাপে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, ভৌত পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে আজ বৃহস্পতিবার বিকেলে পরের ধাপের কাজ শুরুর অনুমোদন দিয়েছে বায়েরা। ধাপটি পাওয়ার স্টার্ট বা সি-স্টেজ নামে পরিচিত। এ পর্যায়ে বিভিন্ন পরীক্ষা চালিয়ে বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও স্থিতিশীল কার্যক্রম যাচাই করা হবে। এ সময় চুল্লি, শীতলীকরণ ব্যবস্থা, টারবাইন, জেনারেটর, বিদ্যুৎ ও নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়। ধাপে ধাপে চুল্লির ক্ষমতা বাড়িয়ে এসব ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এ পর্যায়ের গুরুত্বপূর্ণ মাইলফলক হলো জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে। এরপর স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
রূপপুরে পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়লে এটি পিছিয়ে যায়। এরপর এটি সফলভাবে শেষ করে বায়েরার অনুমতি নিয়ে ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। কমিশনের অধীনে পরিচালনার কাজটি করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান প্রথম আলোকে বলেন, আজ বিকেলেই পাওয়ার স্টার্ট বা সি-স্টেজের অনুমোদন দিয়েছে বায়েরা। এ ধাপেও কিছু পরীক্ষা–নিরীক্ষা হবে। শূন্য শক্তি উৎপাদন দিয়ে শুরু হবে। শক্তি উৎপাদন শূন্য থেকে ৩০ শতাংশে পৌঁছালেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিদ্যুৎ উৎপাদন