শিশুর খতনায় পুরোপুরি অজ্ঞান করা কি জরুরি
খতনা (সারকামসিশন) মুসলিম ছেলেশিশুদের একটি প্রচলিত ছোট অস্ত্রোপচার। অ্যানেসথেসিয়া ও অস্ত্রোপচারে কী ধরনের ঝুঁকি থাকতে পারে এবং সেসব ঝুঁকি কমাতে কী কী সতর্কতা নেওয়া উচিত, চলুন জেনে নিই।
খতনায় কোন ধরনের অ্যানেসথেসিয়া
খতনা করার জন্য সব রোগীর ক্ষেত্রে জেনারেল অ্যানেসথেসিয়া বা সম্পূর্ণ অজ্ঞান করার প্রয়োজন হয় না। রোগীর বয়স, শারীরিক অবস্থা, উদ্বেগ, অস্ত্রোপচারের ধরন ও চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতে অ্যানেসথেসিয়ার পদ্ধতি নির্বাচন করা হয়।
লোকাল অ্যানেসথেসিয়া: এ পদ্ধতিতে লিঙ্গের নির্দিষ্ট স্নায়ু বা অস্ত্রোপচারের স্থান অবশ করা হয়, যাতে কাটাছেঁড়ার সময় ব্যথা অনুভূত না হয়। প্রাপ্তবয়স্কদের ও উপযুক্ত ক্ষেত্রে শিশুদের খতনায় এটি ব্যবহার করা যায়। প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমে সঠিক পদ্ধতিতে লোকাল অ্যানেসথেসিয়া প্রয়োগ করলে অনেক ক্ষেত্রেই নিরাপদে খতনা সম্পন্ন করা সম্ভব।