ঢাকার সবচেয়ে বড় ও প্রাচীন ফলের আড়তে যাওয়ার আগে যা জানা দরকার
প্রথম আলো
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৬:০০
ঢাকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, বুড়িগঙ্গার এ তীরটা তখন সরগরম। নৌকার বইঠার শব্দ, ট্রলারের ইঞ্জিনের ভটভট আর কুলি-মজুরদের হাঁকডাক—সব মিলে কর্মচঞ্চল এক দুনিয়া।
এই ব্যস্ততার মধ্যেই বাতাসে ভেসে বেড়ায় আপেল, আম, কাঁঠাল কিংবা কমলার মিষ্টি সুবাস। ঢাকার সবচেয়ে বড় ও প্রাচীন ফলের আড়ত ‘বাদামতলী ফলের আড়ত’-এর ভোরের চিত্রটা এমনই।
সদরঘাট ও বাবুবাজারের মাঝামাঝি এই বাজারের অবস্থান। শোনা যায়, একসময় এই ঘাটে বিশাল একটা বাদামগাছ ছিল, সেখান থেকেই এর নাম ‘বাদামতলী’। প্রায় ২৫০টি বড় আড়ত নিয়ে গড়ে ওঠা এই বাজারে প্রতিদিনই ভিড় করেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা খুচরা বিক্রেতারা।