স্মিথের ঘাড়ের চোট নিয়ে সন্দেহ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাখ্যা
ঘাড়ের সমস্যা কি এতটাই গুরুতর যে এমন গুরুত্বপূর্ণ টেস্ট খেলতে পারবেন না? স্টিভেন স্মিথের চোট নিয়ে এরকম সংশয়-সন্দেহের একটা রেশ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে। প্রশ্ন তুলছেন কেউ কেউ, কেউ তাকাচ্ছেন বাঁকা চোখে। তবে সেই সংশয়ের মেঘ এখন কেটে যাওয়ার পালা। পরীক্ষায় স্পষ্ট হয়েছে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের চোটের ধরন।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আগের টেস্টের চতুর্থ দিনে ঘাড়ে প্রথম ব্যথা অনুভব করার পর স্ক্যান করিয়ে স্মিথের ঘাড়ের সারভাইকাল ফ্যাসেট জয়েন্টে চোট ধরা পড়েছে। সেই কারণেই কেপ টাউনে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলছেন না দলের সফলতম ব্যাটসম্যান। নিউ জিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজের জন্য তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
আগের টেস্টে গেবেখায় প্রথম ইনিংসে ওই সমস্যার পর দ্বিতীয় ইনিংসে স্মিথকে ব্যাটিংয়ে নামেন সাত নম্বরে। দল কেপ টাউনে পৌঁছানোর পর গত শুক্রবার স্মিথের স্ক্যান করা হয়। সারভাইকাল ফ্যাসেট জয়েন্ট হলো ঘাড়ের প্রতিটি কশেরুকার পেছনে অবস্থিত ছোট ছোট অস্থিসন্ধি, যা নড়াচড়া নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখতে কাজ করে।