কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফের প্রাণদণ্ড, ৩ জনের আমৃত্যু সাজা
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার অপর তিন আসামিকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ডের সাজা।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করে।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিতরা হলেন—কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা।
রায়ে তিন অভিযোগেই হানিফকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড এবং ২ ও ৩ নম্বর অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।
মামলার অপর তিন আসামিকেও তিন অভিযোগেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে ১ নম্বর অভিযোগে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ২ ও ৩ নম্বর অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিচার
- আমৃত্যু কারাদণ্ড