বাড়ছে উচ্চশিক্ষিত বেকার, করণীয় কী
দেশে শিক্ষিত তরুণদের বেকারত্বের উচ্চ হার নিয়ে আলোচনা নতুন নয়। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার সনদ হাতে নিয়ে কর্মজীবনে প্রবেশের স্বপ্ন দেখেন। কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে তাঁরা বুঝতে পারেন শুধু ডিগ্রি অর্জন করলেই চাকরি মেলে না। কারণ, তাঁদের অনেকেরই নেই প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও কারিগরি দক্ষতা; নেই ভাষাগত যোগ্যতা, সমস্যা সমাধানের বাস্তব সক্ষমতা। ফলে একদিকে বাড়ছে সনদধারীর সংখ্যা, অন্যদিকে বাড়ছে দক্ষ জনশক্তির চাহিদা ও সরবরাহের ব্যবধান। এই সংকটের পেছনে অনেক কারণ থাকলেও আমাদের উচ্চশিক্ষাব্যবস্থার বিদ্যমান কাঠামো, সুদূরপ্রসারী পরিকল্পনা ছাড়া নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কলেজগুলোতে নির্বিচারে অনার্স কোর্স চালু এবং উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণে উদাসীনতা অন্যতম।
গ্রামগঞ্জের অনেক বেসরকারি কলেজে রাজনৈতিক বিবেচনায় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে অনার্স ও ডিগ্রি পাস কোর্স খোলা হয়েছে। যেখানে নেই যোগ্য শিক্ষক, নেই সমৃদ্ধ গ্রন্থাগার ও ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা। ক্লাসও হয় না ঠিকমতো। উপজেলা পর্যায়ের অনেক সরকারি কলেজের অবস্থাও একই। শুধু নতুন নতুন কোর্সের অনুমোদন আর ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করলেই মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত হয় না। উচ্চশিক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক, শিক্ষাবান্ধব পরিবেশ, মানসম্মত পাঠ্যক্রম এবং কঠোর একাডেমিক তদারকি।
- ট্যাগ:
- মতামত
- উচ্চ শিক্ষিত