জীবনযাত্রার ব্যয়ে নাভিশ্বাস, উত্তাল ইউরোপ
ইউরোপজুড়ে ক্ষোভ বাড়ছে। আকাশছোঁয়া বাড়িভাড়া, জ্বালানির মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতিতে নাভিশ্বাস উঠছে মানুষের। অর্থনৈতিক প্রবৃদ্ধি কার্যত থমকে আছে। ফ্রান্স, ইতালি, স্পেন ও গ্রিসে ঋণ পরিশোধে সুদের হার বৃদ্ধি পাচ্ছে। ফলে স্কুল পুনর্গঠন, আবাসনে ভর্তুকি কিংবা খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার মতো কাজে যে অর্থ ব্যয় করা হতো, তার বড় অংশই চলে যাচ্ছে ঋণদাতাদের পাওনা মেটাতে।
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির এই সংকট ইতিমধ্যেই স্পষ্ট আকার ধারণ করেছে। ফ্রান্সের শান্তিপূর্ণ বিক্ষোভের আড়ালে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ইতালিতে ব্যাহত হচ্ছে পণ্য সরবরাহব্যবস্থা। স্পেনের ঐতিহাসিক চত্বরগুলোতে প্রতিবাদ জানাতে জড়ো হচ্ছে বিপুলসংখ্যক মানুষ। পরিস্থিতি ঠেকাতে প্যারিস ও রোমে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
মৌলিক যে সমস্যার জন্য মানুষ রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, অর্থসংকটে ধুঁকতে থাকা ইউরোপিয়ান সরকারগুলোর পক্ষে তা সমাধান করা কঠিন। ফ্রান্সের গ্রিন পার্টির এমপি পোরিয়া আমির শাহির মতে, গত ৫০ বছরেও কোনো প্রজন্মকে এত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি।
তাপমাত্রা দ্রুত কমছে, অথচ জ্বালানিসংকট কাটার কোনো লক্ষণ নেই। এমন পরিস্থিতিতে ইউরোপের সামনে ক্রমেই ঘনিয়ে আসছে শীত। এর মধ্যেই ইউরোপের দেশগুলোতে কড়া নাড়ছে গুরুত্বপূর্ণ নির্বাচন। কয়েকটি দেশে জাতীয়তাবাদী ও জনতুষ্টিবাদী দলগুলো ভালোভাবে এগিয়ে আছে।
- ট্যাগ:
- মতামত
- জীবনযাত্রা