গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ: এএফপির প্রতিবেদন
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও পানি বণ্টনবিষয়ক কারিগরি কমিটির প্রধান রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, নতুন চুক্তি হতে হবে ‘পারস্পরিক সুবিধা ও সম্মানের’ ভিত্তিতে। তবে চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাবে ভারত এখনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ঢাকা।
১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির আওতায় ভারতের ফারাক্কা ব্যারাজে শুষ্ক মৌসুমে দুই দেশের মধ্যে পানি বণ্টন নির্ধারিত হয়। বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার উজানে অবস্থিত ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই ব্যারাজটি ভারত ১৯৭৫ সালে চালু করে। এরপর থেকেই গঙ্গার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলে আসছে।
বাংলাদেশ–ভারত যৌথ নদী কমিশনের সাবেক সদস্য মালিক ফিদা এ খান অভিযোগ করেছেন, ভারত গঙ্গার উজানে অতিরিক্ত বাঁধ নির্মাণ করেছে। তাঁর মতে, নতুন চুক্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নেওয়ার পাশাপাশি পুরো নদী অববাহিকার পানিপ্রবাহ ও চাহিদাকে গুরুত্ব দিতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পানি বণ্টন