শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন
রাজধানীর শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ শুরুতেই বাধার মুখে পড়েছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার তাঁরা মাঠটিতে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনা ভাঙচুরও করেন।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এ মাঠের জায়গা তাঁদের। এখানে তাঁরা কৃষিবিষয়ক গবেষণার কাজও করেন। মাঠটিতে সচিবালয় স্থাপন করা হলে একদিকে তাঁরা গবেষণার জায়গা হারাবেন, অন্যদিকে কৃষিবিষয়ক গবেষণাও ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পাশে সচিবালয় স্থাপন করা হলে ভবিষ্যতে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে।
তবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ওই জায়গা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জায়গা হিসেবে শিক্ষার্থীরা যে দাবি করছেন, সেটি সঠিক নয়। এটি গণপূর্তের নামে। তারপরও শিক্ষার্থীরা কেন এ দাবি করছেন, সেটি খতিয়ে দেখা হবে।