আলোর নাটকে শেষ প্রথম দিন, সাদমানের এক রাতের অপেক্ষা
বেলা ৩টা ১৫ মিনিট। হুট করেই আঁধার নেমে এলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে! সেটা যতটা না মাঠের আবহে, তার চেয়ে বেশি সম্ভবত আম্পায়ারদের লাইট মিটারে। পর্যাপ্ত আলোর অভাবে বন্ধ হয়ে গেল খেলা। অথচ দিনের তখনও ২০ ওভার বাকি, তার চেয়েও বড় কথা—টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি থেকে নিঃশ্বাসের দূরত্বে দাঁড়িয়ে সাদমান ইসলাম, অপরাজিত ৯৬ রানে।
একটা পর্যায়ে মনে হচ্ছিল দিনের খেলা আর শুরুই হবে না। কিন্তু কিছুক্ষণ পরই শেরেবাংলা স্টেডিয়ামে ছড়িয়ে পড়ল বিকেলের রোদ। আলোকস্বল্পতায় ৫৩ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হলো খেলা। সবার মধ্যে স্বস্তি—সাদমান তাহলে আজই সেঞ্চুরিটা করে ফেলার সুযোগ পেলেন!
কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, তার চেয়েও যেন অনিশ্চিত হয়ে উঠল মিরপুরের আকাশের আলো! ৪ ওভার খেলা হওয়ার পর আবারও আলোকস্বল্পতা, কিছুক্ষণ অপেক্ষা করে এবার দিনের খেলাই শেষ। টেলিভিশনের পর্দায় ফুটে উঠল বিষণ্ণ হাসিতে সাদমানের চেহারা। তখনও যে সেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান, অপরাজিত ৯৯ রানে!