প্রতিদিন ‘ইনুলিন’ খেলেই কমতে পারে বাতের ব্যথা, বলছে গবেষণা
হাঁটুর বাতের ব্যথা কমাতে এবং পেশির শক্তি বাড়াতে প্রতিদিনের খাদ্যতালিকায় বিশেষ ধরনের আঁশ যুক্ত করার সুফল পাওয়া গেছে নতুন এক গবেষণায়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহ্যামের গবেষকদের পরিচালিত এক পরীক্ষায় দেখা গেছে, প্রিবায়োটিক আঁশ ইনুলিন গ্রহণকারী হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের ব্যথা কমেছে, হাতের মুঠির শক্তি বেড়েছে এবং ব্যথার প্রতি সংবেদনশীলতা হ্রাস পেয়েছে।
প্রকাশিত গবেষণাটিতে আরও দেখা গেছে, শুধু ইনুলিন গ্রহণকারী অংশগ্রহণকারীদের মধ্যে গবেষণা ছেড়ে দেওয়ার হার ছিল মাত্র ৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে, শুধু ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ফিজিওথেরাপি ব্যায়াম করা ব্যক্তিদের মধ্যে এ হার ছিল ২১ শতাংশ।
গবেষণাটি নিউট্রিয়েন্টস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তবে গবেষণাটি মাত্র ছয় সপ্তাহ ধরে ১১৭ জনের ওপর পরিচালিত হওয়ায়, দীর্ঘমেয়াদে এই উপকার বজায় থাকে কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাঁটুর ব্যথা