৭ কোটি বছর আগের কঙ্কাল বিক্রি হলো ৪ কোটি ৭৩ লাখ ডলারে
টাইরানোসরাস রেক্সের (টি-রেক্স) বাচ্চা বলে ভুল করা হয়েছিল এই ডাইনোসরের কঙ্কালকে। পরে আরও গবেষণা করে দেখা গেল, এটি স্বতন্ত্র এক প্রজাতি। ডাইনোসর ন্যানোটাইরানাস এটি। প্রায় ৬ কোটি ৭০ লাখ বছর আগে ক্রিটেশিয়াস যুগের শেষ দিকে এই মাংসাশী ডাইনোসরগুলো দেখা গিয়েছিল।
প্রায় ৩ মিটার (১০ ফুট) উঁচু কঙ্কালটির ডাকনাম ‘জোডি’। গত বছরের অক্টোবর মাসে মার্কিন গবেষকেরা নিশ্চিত করেন যে কঙ্কালটি স্বতন্ত্র প্রজাতির ডাইনোসরের।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি’স কঙ্কালটি নিলামে তোলে। এটিই প্রথম বাজারে আসা ন্যানোটাইরানাসের কঙ্কাল বলে জানিয়েছে সোথেবি’স। কঙ্কালটি নিলামে বিক্রি হয়েছে ৪ কোটি ৭৩ লাখ ডলারে।
নিলামে তোলার আগে কঙ্কালটির দাম অন্তত ৯০ লাখ ডলার উঠতে পারে বলে ধারণা করা হয়েছিল। এর আগে গত জুলাইয়ে ‘গাস’ নামে একটি টাইরানোসরাস রেক্সের কঙ্কাল ৫ কোটি ১০ লাখ ডলারে বিক্রি করে রেকর্ড গড়েছিল সোথেবি’স।
এ দিকে জোডির বিক্রি আবারও বৈজ্ঞানিক মহলে বিতর্ক উসকে দিয়েছে যে ডাইনোসরের জীবাশ্ম ব্যক্তিমালিকানায় বিক্রি করা উচিত, নাকি সেগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানে প্রদর্শন করা উচিত।