ইউটিউব সবচেয়ে বেশি দেখে কোন দেশের মানুষ
বর্তমান ডিজিটাল যুগে বিনোদন, শিক্ষা কিংবা খবরের খোরাক জোগাতে সবাই প্রথমেই খোঁজেন ইউটিউব। বিশ্বজুড়ে ইউটিউবের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন বা ২৭০ কোটি। অর্থাৎ পৃথিবীর বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রতিদিন বুঁদ হয়ে থাকে এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে। শুধু তা-ই নয়, এর শর্টস ফিচার প্রতিদিন প্রায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ভিউ ছাড়িয়ে এক অভাবনীয় রেকর্ড গড়েছে। তবে এই বিশাল দর্শকসংখ্যা সব দেশে সমানভাবে ছড়িয়ে নেই। কোন দেশগুলো ইউটিউব দেখার দিক থেকে শীর্ষে রয়েছে এবং এর পেছনের গল্পটাই-বা কী, তা নিয়ে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্যচিত্র।
ইউটিউবের অবিসংবাদিত সম্রাট ভারত
ইউটিউব ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে অন্য যেকোনো দেশকে বহুদূরে ফেলে শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে বর্তমানে প্রায় ৪৯ কোটি (৪৯০ মিলিয়ন) মানুষ নিয়মিত ইউটিউব ব্যবহার করেন। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে ভারতের দর্শকসংখ্যা প্রায় দ্বিগুণ। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মোট দর্শকসংখ্যাকে একত্র করলেও তা ভারতের একক ব্যবহারকারীর সংখ্যার চেয়ে প্রায় ১০ কোটি কম। কম খরচে মোবাইল ডেটা ও স্মার্টফোনের সহজলভ্যতা ভারতে এই বিপ্লব ঘটিয়েছে; বিশেষ করে ইউটিউব শর্টস এবং ক্রিকেটপ্রেমী দেশের উন্মাদনা ভারতকে এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় বাজারে পরিণত করেছে। যেমন শুধু ক্রিকেটবিষয়ক ভিডিওতেই বছরে ৫০ বিলিয়নের বেশি ভিউ ভারতেই হয়।