মেট্রোরেলের ১০০ কোটি ডলারের চুক্তি পেল ভারতের এলঅ্যান্ডটি
ভারতের অবকাঠামো খাতের বড় প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি) ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি গুরুত্বপূর্ণ সিস্টেম প্যাকেজের নকশা ও নির্মাণকাজের জন্য প্রায় ১০০ কোটি ডলারের চুক্তি পেয়েছে।
শেয়ারবাজারে দেওয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, চুক্তির আওতায় রেললাইন নির্মাণ, বৈদ্যুতিক ব্যবস্থা, সিগন্যালিং, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর স্থাপনের কাজ রয়েছে।
ঢাকা মেট্রোরেল লাইন-১ বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রামপুরা, মালিবাগ ও রাজারবাগ হয়ে কমলাপুর পর্যন্ত যাবে। এরপর এর একটি শাখা লাইন পূর্বাচলের দিকে যাবে।
এলঅ্যান্ডটি প্রকৌশল, ক্রয় ও নির্মাণ (ইপিসি) খাতের পাশাপাশি উচ্চপ্রযুক্তির উৎপাদনশিল্পে নিয়োজিত একটি শিল্পগোষ্ঠী।
প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে তাদের আগের কাজের ধারাবাহিকতায় এ চুক্তিগুলো পেয়েছে তারা। এর আগে তারা দেশের প্রথম মেট্রোরেল করিডর ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলওয়ে সিস্টেম প্যাকেজের কাজ পেয়েছিল এবং তা সম্পন্ন করেছে।
মেট্রোরেল লাইন-১ ও ৫-এর (উত্তর রুট) আটটি নির্মাণ প্যাকেজের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্যাকেজের মূল্য প্রায় ৫৮ হাজার ৫০০ কোটি টাকা। এরপরই এলঅ্যান্ডটির চুক্তি পাওয়ার ঘোষণা এলো।