ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই যুদ্ধ শুরু করার জন্য তেহরানই দায়ী। আগের একটি যুদ্ধবিরতিকে তিনি ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন।
মিসিসিপি অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প তাঁর রিপাবলিকান পার্টির এক আইনপ্রণেতার দাবির পুনরাবৃত্তি করেন। ওই আইনপ্রণেতা বলেছিলেন, ‘ইরানের সঙ্গে আমরা যুদ্ধ শুরু করিনি। ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে।’
সামরিক অভিযানের অর্থনৈতিক প্রভাব নিয়েও সাফাই দেন ট্রাম্প। তিনি বলেন, তেলের দাম আরও অনেক বেড়ে যাবে বলে তিনি ধারণা করেছিলেন।
ট্রাম্প বলেন, ‘আমি এই পদক্ষেপ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। কারণ, আমাদের সামনে আসলে আর কোনো বিকল্প ছিল না। এটা অনেক আগেই করা উচিত ছিল।’