টানা ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ। পর্যটকেরা যেতে পারবেন আগামী ১৫ মার্চ পর্যন্ত। এবার প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। তবে দ্বীপে রাতযাপনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় পর্যটক, হোটেল-রেস্তোরাঁ ও জাহাজমালিকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
হোটেল ও পর্যটকবাহী জাহাজমালিকেরা বলছেন, আগামী চার মাসের বেশি সময়ই পর্যটকেরা দ্বীপে রাতযাপনের সুযোগ পাবেন। অন্যদিকে পরিবেশবাদী সংগঠন ও সরকারি কর্মকর্তারা বলছেন, পর্যটকের সংখ্যা ও ভ্রমণের সময় বাড়ানো হলেও রাতযাপনের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকতে পারে। সে অনুযায়ী, নভেম্বর মাসে সকালে সেন্ট মার্টিনে গিয়ে বিকেলে ফিরে আসতে হবে। ১ ডিসেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত রাতযাপনের সুযোগ থাকবে।
হোটেলমালিকেরা বলছেন, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এ সময় কক্সবাজারে পর্যটকের আগমন কমে যায়। ফলে রমজান মাসে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকতে পারে। সে ক্ষেত্রে পর্যটকেরা আগের বছরের তুলনায় মাত্র ১৫ দিন বেশি দ্বীপ ভ্রমণের সুযোগ পাবেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, টানা ৯ মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর থেকে দ্বীপে পর্যটক যাতায়াত শুরুর খবরে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বসিত। ইতিমধ্যে দ্বীপের ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ পর্যটকদের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক এলে দ্বীপের ব্যবসা-বাণিজ্য চাঙা হবে।