দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল

প্রথম আলো প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১৩:২৭

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহর আখড়াবাড়ির দানবাক্স ১৫ দিনের ব্যবধানে আবার খোলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দুটি দানবাক্স থেকে ৮ লাখ ২৭ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।


কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সিলগালা ভেঙে দানবাক্স খোলা হয়। লালন একাডেমি ভবনের চারতলায় তিন ঘণ্টা ধরে টাকা গণনা চলে।


এর আগে ১০ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। সেদিন পাওয়া গিয়েছিল ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা। পরদিন রোববার ওই টাকা লালন একাডেমির ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। গতকালের টাকাও একই হিসাবে জমা করা হয়েছে।


কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লালন সাঁইয়ের দুটি উৎসবকে ঘিরে বছরে চারবার দানবাক্স খোলা হয়। সেই ধারাবাহিকতায় ১৩৬তম তিরোধান দিবসের সাত দিন পর দানবাক্স খোলা হয়েছে।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লালনের তিরোধান দিবস ও দোলপূর্ণিমা উপলক্ষে প্রতিবছর ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে সরকারি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নানা আয়োজন হয়। এসব অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে হাজারো ফকির, সাধু, ভক্ত ও দর্শনার্থী আসেন। সারা বছরই ভক্তরা মাজার দর্শনে এসে দানবাক্সে অর্থ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও