চলচ্চিত্রে আসার পর থেকেই সবাইকে নিয়ে ঘটা করে জন্মদিন পালন করেন চিত্রনায়িকা পরীমনি। তবে ২০২৩ সালে তাঁর নানা মারা যাওয়ার পর জন্মদিনের অনুষ্ঠান থেকে সরে আসেন তিনি। দুই বছর পর এ বছর আবার জন্মদিনে অনুষ্ঠান আয়োজন করলেন পরীমনি। বিশেষ এই দিনে ঘোষণা দিলেন নিজের অভিনীত নতুন সিনেমার। ‘ফারজানা’ নামের সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান।
গত শনিবার পরীমনির জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ করা হয় ফারজানা সিনেমার পোস্টার। পরী জানান, ছয় মাস আগে সেট করা হয়েছিল এই সিনেমার লুক। ইতিমধ্যে শেষ হয়েছে বেশির ভাগ শুটিং। তবে এত দিন গোপনেই চলছিল কাজ। সিনেমার ঘোষণার জন্য তিনি বেছে নিলেন নিজের জন্মদিনকে। পরী বলেন, ‘ছয় মাস আগে সিনেমার লুক সেট হয়েছিল। কিন্তু নানা সমস্যার কারণে কাজটা শেষ হতে সময় লাগছিল। তাই সবাইকে জানানো হয়নি। সবকিছু ঠিক থাকলে শিগগির শেষ হবে শুটিং। মনে হলো নতুন সিনেমার ঘোষণার জন্য জন্মদিনের থেকে ভালো উপলক্ষ আর হতে পারে না।’
জানা গেছে, একজন নারীর জীবনসংগ্রাম, মাতৃত্ব এবং পারিপার্শ্বিক কঠিন বাস্তবতার মেলবন্ধনে তৈরি হয়েছে ফারজানার চিত্রনাট্য। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য লিখেছেন তারেক রহমান। এর আগে বেশ কিছু নাটক, স্বল্পদৈর্ঘ্য বানালেও এটি নির্মাতার প্রথম সিনেমা।