ডেটিং অ্যাপ টিন্ডারে পরিচয়। এরপর একের পর এক ডেটে যাওয়া। কিন্তু দ্বিতীয় ডেটের পর আর বাড়ি ফেরা হয়নি ২৪ বছর বয়সী সিডনি লুফের। ২০১৭ সালের এই হত্যাকাণ্ডের পেছনে পরে সামনে আসে কথিত জাদুবিদ্যা, ভ্যাম্পায়ার পরিচয় দেওয়া এক ব্যক্তি, যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনার ভয়ংকর এক কাহিনি। সেই ঘটনার অজানা দিক নিয়ে তৈরি হয়েছে তিন পর্বের তথ্যচিত্র সিরিজ ‘সোয়াইপ রাইট অন দ্য ডেভিল’।
ওটিটি প্ল্যাটফর্ম হুলুর এই ট্রু ক্রাইম সিরিজে উঠে এসেছে, কীভাবে অনলাইন ডেটিংয়ের সূত্র ধরে সিডনিকে একটি কথিত কাল্ট বা গোপন গোষ্ঠীর ফাঁদে টেনে নেওয়া হয়েছিল। শুধু হত্যাকাণ্ড নয়, এর মাধ্যমে সামনে এসেছে বছরের পর বছর ধরে দুই ব্যক্তির চালানো প্রতারণা ও নিয়ন্ত্রণের কৌশলও। সিরিজটিতে কথা বলেছেন ওই গোষ্ঠী থেকে পালিয়ে আসা তিন নারী, তদন্তে যুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সিডনির পরিবারের লোকজন।