বাংলাদেশে গত সাত বছরে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, কিন্তু এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
এদিকে, পড়াশোনার খরচ তুলনামূলক কম হলেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বিপরীতে, নিবন্ধিত আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ লাখ ৫৭ হাজার। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৭০ লাখ ৭৪ হাজারে। অর্থাৎ সাত বছরে শিক্ষার্থী কমেছে প্রায় ১৭ লাখ ৮৩ হাজার বা ২০ দশমিক ১ শতাংশ।