ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ডিজিএফআইয়ের ২ সদস্যসহ গ্রেপ্তার ৬
ঢাকার মোহাম্মদপুরে ব্যবসায়ীকে ফাঁদে ফেলে টাকা আদায়চেষ্টা ও অপহরণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।
এদের মধ্যে সামরিক গোয়েন্দা সংস্থা— ডিজিএফআইয়ের দুজন এবং আনসারের একজন সদস্য রয়েছেন।
শনিবার রাতে শেরেবাংলা নগর এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদেরকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে শেরেবাংলা নগর থানার পুলিশ। মোহাম্মদপুর থানার পুলিশ আদালতে পাঠালে ঢাকা মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ডিজিএফআই সদর দপ্তরের সার্জেন্ট আল মামুন (৩৯), একই সংস্থার ল্যান্স করপোরাল নুরুজ্জামান (৩১), আনসার সদস্য সোহেল রানা (৩২) ও বেসরকারি কোম্পানির নিরাপত্তা প্রহরী মুকুল গাজী (২৬)। বাকি দুজন হলেন নেত্রেকোণার কলমাকান্দা উপজেলার মাহফুজুর রহমান (২২) ও লালমনিরহাটের কালীগঞ্জ থানার জিয়াউল ইসলাম (৩৫)।
সোনিয়া (৩০) ও ফনিরুল ওরফে মনিরুল (৪৫) নামে আরও দুজনকে এ মামলায় আসামি করা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে তারা এজাহারের ভিত্তিতে ঘটনার বিস্তারিত বিবরণ শুনিয়েছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- অপহরণের অভিযোগ