বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর ভিত্তি করে পরিচালিত হয়, সেই পিএইচপিতে (PHP) শনাক্ত হওয়া দুটি বড় ধরনের সফটওয়্যার ত্রুটি বা ‘বাগ’ সামাল দিতে গত কয়েক দিনে এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছে প্রযুক্তি বিশ্ব। কোনো বাণিজ্যিক প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই চেক প্রজাতন্ত্রের ওন্দ্রেজ সুরির একক প্রচেষ্টায় এই সংকট থেকে রক্ষা পেয়েছে ইন্টারনেট ব্যবস্থা।
উন্মুক্ত সোর্স বা ‘ওপেন সোর্স’ কোডভিত্তিক প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি অত্যন্ত বিপজ্জনক ‘রিমোট কোড এক্সিকিউশন’ (RCE) ত্রুটি সম্প্রতি উন্মোচিত হয়। এই ত্রুটি ব্যবহার করে সাইবার অপরাধীরা দূর থেকেই সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে, তথ্য চুরি করতে পারে কিংবা সাইট পুরোপুরি অকার্যকর করে দিতে পারে। নিরাপত্তা গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় এই ত্রুটিগুলো চিহ্নিত করেছিলেন।
তবে পিএইচপি নিয়ে কাজ করা সংস্থা ‘পিএইচপি ফাউন্ডেশন’ আনুষ্ঠানিকভাবে এই ত্রুটি সংশোধনের (প্যাচ) কোড প্রকাশের আগেই ইন্টারনেটের একটি ফোরামে তা ফাঁস হয়ে যায়। এর পরই শুরু হয় সাইবার অপরাধী এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে দৌড়ঝাঁপ।
সাইবার অবকাঠামো সেবাদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স জানান, তথ্য ফাঁসের মাত্র ১০ ঘণ্টার মধ্যে হাজার হাজার সাইবার হামলার চেষ্টা চালানো হয়, যা পরবর্তীতে দ্রুত কয়েক মিলিয়নে পৌঁছায়। জরুরি ভিত্তিতে আপডেট ইনস্টল করার জন্য জার্মানি ও ফিনল্যান্ডের সরকারি ওয়েবসাইট, ইউরোপের বেশ কিছু হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিশ্বের অসংখ্য সাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়।