চুল লম্বা ও ঘন করতে চালের পানি কতটা কার্যকর?
সামাজিক যোগাযোগমাধ্যমে চুলের যত্নে চালের পানি ব্যবহারের প্রবণতা বাড়ছে। কেউ এটি চুলে টোনার হিসেবে ব্যবহার করছেন, আবার কেউ সিরাম হিসেবে চুলের পরিচর্যার রুটিনে যুক্ত করছেন। অনেকের দাবি, চালের পানি ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হয়। তবে এই দাবির পক্ষে কতটা বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে?
বিশেষজ্ঞদের মতে, চালের পানিতে শ্বেতসার, অ্যামিনো অ্যাসিড এবং অল্প পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। এসব উপাদান চুলের পরিচর্যায় কিছুটা ভূমিকা রাখতে পারে। তবে চালের পানি ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হবে, ঘনত্ব বাড়বে কিংবা চুল পড়া বন্ধ হবে, এমন দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
চালের পানি চুলে কী প্রভাব ফেলে?
চিকিৎসকরা জানান, চালের পানিতে ইনোসিটল নামের এক ধরনের কার্বোহাইড্রেট রয়েছে। চুলের গোড়া ও চুলের তন্তুর সুরক্ষায় এর সম্ভাব্য ভূমিকা নিয়ে গবেষণা হয়েছে। পরীক্ষাগারে পরিচালিত কিছু গবেষণায় চুলের ক্ষতি কমাতে ইনোসিটলের সম্ভাব্য উপকারের ইঙ্গিত পাওয়া গেছে। তবে মাথার ত্বকে চালের পানি ব্যবহার করলে নতুন চুল গজায় বা চুলের ঘনত্ব বাড়ে, এমন প্রমাণ এখনো পর্যাপ্ত নয়।
চালের পানিতে থাকা শ্বেতসার চুলের ওপর সাময়িক একটি আবরণ তৈরি করতে পারে। এতে চুল তুলনামূলক মসৃণ, ঘন ও সহজে আঁচড়ানোর উপযোগী মনে হতে পারে। তবে এটি মূলত চুলের বাহ্যিক সৌন্দর্যের পরিবর্তন। এর অর্থ এই নয় যে চুলের গোড়ার সংখ্যা বেড়েছে বা চুল দ্রুত বাড়ছে।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- চাল ধোয়া পানি