সবকিছু একরকম নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। জেমস অ্যান্ডারসনের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানাল ল্যাঙ্কাশায়ার। তাতে কাউন্টি ক্লাবটির সঙ্গে শেষ হলো কিংবদন্তি পেসারের ২৫ বছরের পথচলা।
৪৪ বছর বয়সি অ্যান্ডারসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি রোববার নিশ্চিত করে তার শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ার।
এরপরই সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে সিদ্ধান্তটি নিয়ে হতাশা প্রকাশ করেন অ্যান্ডারসন।
“ছোটবেলা থেকেই আমি ল্যাঙ্কাশায়ারকে সমর্থন করেছি। তাই ২৫ বছর ধরে এই দলের হয়ে খেলতে পারা ছিল স্বপ্নপূরণের মতো।
“ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামার অনুভূতি সব সময়ই আমার কাছে বিশেষ কিছু ছিল। এখানে অধিনায়কত্ব করার মতো সম্মানসহ অসাধারণ অনেক স্মৃতি রয়েছে আমার। সিদ্ধান্তটা আমার হাতে থাকলে এভাবে শেষ হতো না। তবে ভবিষ্যতের জন্য খেলোয়াড় ও সমর্থকদের শুভকামনা জানাই।”
ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, গত সোমবার ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস ও সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়নের সঙ্গে বৈঠকে অ্যান্ডারসনকে জানিয়ে দেওয়া হয়, তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হবে না। দল নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারা।