মোশাহিদা সুলতানা শিক্ষক, গবেষক ও অ্যাকটিভিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক, ত্রৈমাসিক পত্রিকা ‘সর্বজন কথা’র প্রকাশক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের এনসিটি বা নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে পরিচালনা করার দায়িত্ব দেওয়ার ফলে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হবে কি না এবং আরও নানা বিষয়ে কথা বলেছেন আজকের পত্রিকার সঙ্গে।
এনসিটি বা নিউমুরিং কনটেইনার টার্মিনাল বর্তমানে সক্ষমতার চেয়ে বেশি সেবা দিয়ে একটি লাভজনক টার্মিনাল হিসেবে পরিচালিত হচ্ছে, যেখানে নতুন অবকাঠামোগত বিনিয়োগের সুযোগও সীমিত; এই অবস্থায় এটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার কারণ কী?
মোশাহিদা সুলতানা: বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পেছনে সরকার কারণ দেখাচ্ছে বিদেশি কোম্পানি বিনিয়োগ করে আধুনিকায়ন করবে, দুর্নীতি কমবে, কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় কমে আসবে ইত্যাদি। আমরা মনে করি, বাংলাদেশের কাস্টমসের দুর্নীতি না কমিয়ে ও বন্দরের বাইরে অবকাঠামোগত সক্ষমতা না বাড়িয়ে বিদেশি কোম্পানির কাছে দিলে এই সমস্যা সমাধানের সম্ভাবনা কম। বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন অবকাঠামো বিদেশি অপারেটরের কাছে পরিচালনার নিয়ন্ত্রণ দিলে দীর্ঘ মেয়াদের আমাদের নীতিগত স্বাধীনতা খর্ব হবে এবং তা পুনরুদ্ধারের উপায় থাকবে না। কাজেই বন্দর বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়ার পেছনে কারণ হলো জাতীয় স্বার্থের চেয়ে বিদেশি স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া। এর মধ্য দিয়ে সরকার নিজস্ব সক্ষমতা গড়ার দায় থেকে মুক্তি পেতে চায়। ভবিষ্যতে সমস্যার সমাধান না হলে সেই দায় বিদেশি অপারেটরের ওপর চাপিয়ে দিয়ে সরকার দায় এড়াতে চায়।
উন্মুক্ত দরপত্র আহ্বান না করে শেখ হাসিনা সরকারের আমলে শুরু হওয়া জিটুজি বা পিপিপি প্রক্রিয়ায় নির্দিষ্ট কোম্পানিকে চুক্তি দেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও স্বচ্ছতা কতটা নিশ্চিত করা সম্ভব?
মোশাহিদা সুলতানা: জণগণকে অনেক কিছুই বোঝানো যায়, প্রতিশ্রুতি দেওয়া যায়। প্রতিশ্রুতি দিতে কষ্ট হয় না। মুখে স্বচ্ছতা ও জাতীয় স্বার্থরক্ষার কথা বলা সহজ। কিন্তু অন্যের নিয়ন্ত্রণে দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করা বাস্তবে কঠিন। যেমন বিদেশি প্রতিষ্ঠান ও সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী, উভয়েই যদি তাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন একে অপরের ওপর দায় চাপাবে এবং কোনো পক্ষই শক্ত অবস্থান নিয়ে একে অন্যকে বাধ্য করতে পারবে না। এ রকম ক্ষেত্রে স্বচ্ছতার অভাবে জণগণের কাছে জবাবদিহির পথ সংকুচিত হবে।
বন্দর ব্যবহারের শুল্ক একলাফে ৪১ শতাংশ বৃদ্ধির কারণ কী?
মোশাহিদা সুলতানা: বিদেশি অপারেটরের মুনাফা নিশ্চিত করার জন্য সরকার আগেই শুল্ক বৃদ্ধি করেছে। পরে শুল্ক বৃদ্ধি করলে বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠত। তাই আগেই পরিকল্পিতভাবে শুল্ক বাড়িয়ে নিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের আমদানি-রপ্তানিকারকেরা।
দেশের বৈদেশিক বাণিজ্যের ৯২ শতাংশ নিয়ন্ত্রণকারী চট্টগ্রাম বন্দরের প্রধান টার্মিনালের পরিচালনা বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?
মোশাহিদা সুলতানা: ঝুঁকি বিষয়টা সব সময় আগে থেকে বোঝানো যায় না। একটা ঘটনা ঘটে গেলে মানুষ যত সহজে বুঝতে পারে কেন ক্ষতি হয়েছে, তত সহজে আগে থেকে অনুধাবন করানো যায় না। বিশেষ করে তা যখন হয় ব্যবস্থাপনাগত ত্রুটি, ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ এবং বহু অংশীজনের সক্ষমতার সঙ্গে জড়িত।
এ ক্ষেত্রে আমরা অন্য উন্নয়নশীল দেশের উদাহরণ দেখতে পারি। যেমন, জিবুতিতে দেশটি দোরালেহ টার্মিনালের মূল শেয়ারহোল্ডার হওয়া সত্ত্বেও চুক্তির মারপ্যাঁচে এর প্রশাসনিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ ডিপি ওয়ার্ল্ডের হাতে চলে যায়। ২০১৮ সালে জিবুতি সরকার জাতীয় স্বার্থে এই চুক্তি বাতিল করলে ডিপি ওয়ার্ল্ড আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়। লন্ডনের আন্তর্জাতিক সালিসি আদালত জিবুতির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে বিদেশি কোম্পানির পক্ষে রায় দিলে দেশটির রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ে।
অন্যদিকে, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতির সুযোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) বন্দর ও খনিজসম্পদের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে চলে যায়। এর ফলে কঙ্গোর মূল্যবান প্রাকৃতিক সম্পদ রপ্তানির প্রধান রুট ও জাতীয় অর্থনীতির লাইফলাইন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দেশি সংস্থাগুলো ঋণের ফাঁদে পড়ে। উভয় দেশের অভিজ্ঞতাই প্রমাণ করে যে স্পর্শকাতর অবকাঠামোতে বিদেশি নিয়ন্ত্রণ রাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত সার্বভৌমত্বের জন্য দীর্ঘমেয়াদি হুমকি হিসেবে আবির্ভূত হয়েছিল।
ধরুন, কোনো যুদ্ধ পরিস্থিতিতে কোনো বিদেশি শক্তি যদি আমাদের বন্দর তার শত্রুকে আক্রমণের জন্য ব্যবহার করতে চায়, যেই শত্রুর সঙ্গে আমাদের আবার নির্ভরতার সম্পর্ক রয়েছে, তখন দেশীয় স্বার্থ ক্ষুণ্ন করে হলেও বাংলাদেশ বাধ্য হতে পারে বন্দর ব্যবহার করতে দিতে। তখন সেটা কীভাবে ব্যবহার করা হবে, কার কতটুকু নিয়ন্ত্রণ থাকবে সেগুলো বড় প্রশ্ন হয়ে যাবে। বাংলাদেশের নীতিগত সার্বভৌমত্ব থাকবে না। নিরাপত্তাহীনতায় ভুগবে দেশ। এমনিতেই বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুর্বল, তার ওপর সাম্প্রতিক অনেক ঘটনায় আমরা দেখেছি বাংলাদেশ কূটনৈতিক ও পররাষ্ট্রনীতিতে দুর্বলতা প্রদর্শন করেছে। মার্কিন বাণিজ্যচুক্তি করার পর তার কয়েক দিনের মধ্যে পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রে অবৈধ ঘোষণা করেছে অথচ চুক্তি অনুযায়ী আমরা বোয়িং কিনে যাচ্ছি, এলএনজি টার্মিনাল নির্মাণের ও আমদানির চুক্তি করে যাচ্ছি। প্রবাসী শ্রমিক বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয় অথচ বাংলাদেশ খবর তো রাখেই না, উল্টো পুরো ঘটনা না জেনেই নিজ দেশের নাগরিককে দোষারোপ করে। এই সবকিছু নির্দেশ করে বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী শক্তিশালী ভূমিকা রাখতে পারে না। এতে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ে, ঝুঁকির আশঙ্কা বাড়ে। কাজেই যুদ্ধ পরিস্থিতিতে বা কোনো জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ নিজ স্বার্থ রক্ষা করতে যে পারবে না, এই প্রমাণ আমাদের চোখের সামনেই বিদ্যমান। বন্দরের পরিচালনা হস্তান্তর যে এই ঝুঁকি আরও বাড়াবে তা হিসাব-নিকাশ করে দেখিয়ে বোঝানোর বিষয় না। কৌশলগত ঝুঁকি সব সময় সম্ভাব্য আর্থিক ক্ষতির অঙ্ক দিয়ে বোঝানো যায় না। পূর্ব অভিজ্ঞতা দিয়েও বোঝা যায়।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেশীয় পক্ষ থেকে পরিচালনার সময় দুর্নীতি এবং পণ্য খালাসে দীর্ঘ সময় লাগার অভিযোগ আছে। এসবের সত্যতা কতটুকু?
মোশাহিদা সুলতানা: পণ্য খালাসে দেরির কারণ কাস্টমসের দীর্ঘসূত্রতা এবং সে কারণে কনটেইনার ইয়ার্ডে দীর্ঘ সময় পড়ে থাকতে বাধ্য করা। কাস্টমসের দীর্ঘসূত্রতার কারণে যেসব ব্যবসায়ী বেপরোয়া হন, ক্ষতির সম্মুখীন হয়ে তারা প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিভিন্ন পক্ষকে বাড়তি অর্থ দিয়ে কাজ করিয়ে নিতে চান। এই কনজেশন যদি না থাকত তাহলে দুর্নীতির সুযোগই তৈরি হতো না। কাজেই দুর্নীতি কেন হচ্ছে সেই প্রশ্ন না তুলে, সিস্টেম একই রেখে যদি বলা হয় মানুষ পরিবর্তন করলেই সব সমস্যা হবে, তা হবে একপেশে দৃষ্টিভঙ্গি। যে কারণে এত বড় অভ্যুত্থানের পর শাসকের চেহারা পরিবর্তন হয়েছে, দুর্নীতি লুটপাটের সিস্টেম পরিবর্তন হয়নি, সেই একই কারণে কিছু অ্যাক্টর পরিবর্তন করলেই সিস্টেম পরিবর্তন হয় না। বিদেশি কোম্পানি বড়জোর কিছু আধুনিকায়ন করতে পারবে, কিন্তু তারপরেও যে সিস্টেম পরিবর্তন হবে, তা বলা যায় না।