রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হয়েছেন। আজ রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ খালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। তাঁদের বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
চুরি হওয়া অটোরিকশাটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল। তিনি বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।
সরেজমিনে দেখা যায়, উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ খালে দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। মরদেহ ঘিরে স্থানীয় লোকজন জড়ো হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল করছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের ভাষ্য, ভোরে সোহেলের বাড়ির সামনের মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় সোহেল চিৎকার করে জানান, তাঁর অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে চোর সন্দেহে ওই ব্যক্তিদের পিছু নেন। তাঁদের আটক করতে না পেরে মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হয়।