ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৮
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন চট্টগ্রামে এবং বাকি চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহীতে চিকিৎসাধীন ছিল।
এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৪৩১ জন রয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮১ জন।