রাঙামাটির বাঘাইছড়ির সাজেক উজোবাজারে আইন-শৃঙ্খলাবাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে রাঙামাটিতে চলছে আধাবেলা অবরোধ।
এতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সকাল থেকেই কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে চট্টগ্রামের সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এছাড়া রাঙামাটি শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে দোকানপাট ও যানচলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া জেলা শহর থেকে বিভিন্ন উপজেলায় নৌ পথে ও নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের ডাকে শনিবার সকাল থেকে এ অবরোধ শুরু হয়, যা দুপুর ১২টা পর্যন্ত চলবে।
সকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় গিয়ে দেখা যায়, সাপছড়ি খামারপাড়া ও কুতুকছড়ি ধর্মঘর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়েছেন অবরোধকারীরা।
এ ছাড়া কুতুকছড়ি হাফ বাজার থেকে ধর্মঘর পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়।