জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার বাড্ডায় প্রাইভেটকার চালক এমদাদুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
তবে আসামির ওই তালিকা, এমনকি খোদ মামলার বাদীকে নিয়ে প্রশ্ন তুলেছে এমদাদের পরিবার। তাদের ভাষ্য, পরিবারের কেউ না হয়েও এই মামলার মাধ্যমে এলাকার কিছু লোককে ‘ফাঁসিয়ে দিয়েছেন’ মামলার বাদী সাইফুল ইসলাম।
মামলার বাদী সাইফুল নিজেকে এমদাদের চাচাত ভাই হিসেবে পরিচয় দেন। তবে সাইফুলের মা মোসাম্মৎ হাসিনা বেগম বলেছেন, মামলা হওয়ার আগে সাইফুলকে তারা চিনতেন না।
মামলার এজাহারে শেখ হাসিনাসহ ১২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০/২০০ জনকে আসামি করেছিলেন সাইফুল।
তদন্ত শেষে শেখ হাসিনাসহ ৪৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছেন মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অপারেশন শাখার (বারিধারা) পরিদর্শক আমিনুল ইসলাম। এজাহারে আসামির তালিকায় নাম থাকা ৭৭ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে অভিযোগপত্রে।
এমদাদ ও সাইফুল দুজনেরই বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার ধাওয়া গ্রামে। তবে মামলা করার আগে এমদাদের পরিবারের সঙ্গে সাইফুল কোনো ধরনের যোগাযোগ করেনি বলে হাসিনা বেগমের ভাষ্য।