কে হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব, কারা আছেন আলোচনায়?
যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট আর জলবায়ু পরিবর্তনের মত উদ্বেগের মধ্যে জাতিসংঘকে রেখে বিদায় নিচ্ছেন বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে তার মেয়াদ। আর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বিশ্বের সবচেয়ে বড় এই কূটনৈতিক সংস্থার হাল ধরবেন নতুন একজন।
কে হচ্ছেন সেই দশম মহাসচিব? নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে চলছে জোর জল্পনা।
টাইম ম্যাগাজিন লিখেছে, এবারের নির্বাচন বেশ কয়েকটি কারণে ঐতিহাসিক। সংস্থাটির ৮১ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারীর মহাসচিব হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আবার অনানুষ্ঠানিক আঞ্চলিক রীতি অনুযায়ী, এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে কাউকে বেছে নেওয়ার প্রত্যাশা রয়েছে।
কিন্তু প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার পাশাপাশি বড় হয়ে উঠেছে ভূরাজনীতি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ‘ভিটো’ ক্ষমতার কারণে নির্বাচন প্রক্রিয়া গড়িয়েছে এক জটিল মোড়ে, যা শেষ মুহূর্তে নতুন প্রার্থীদের সামনে আসার পথ খুলে দিচ্ছে।