You have reached your daily news limit

Please log in to continue


জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

দেশে হৃদ্‌রোগ চিকিৎসায় সরকারের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি)। অথচ সেখানেই হৃৎপিণ্ডের অস্ত্রোপচারের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। বিশেষ করে জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচারের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। অপারেশন থিয়েটার (ওটি) বা অস্ত্রোপচারকক্ষের সংকটে চাহিদার তুলনায় কম অস্ত্রোপচার করা যাচ্ছে। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন থাকা অনেক রোগীকে মাসের পর মাস হাসপাতালে ভর্তি থেকে এর জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।

শুধু শিশু নয়, বড়দের হৃৎপিণ্ডের অস্ত্রোপচারের ক্ষেত্রেও এক মাস বা তার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। এই সময় তাঁদের হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসার পাশাপাশি রোগী ও স্বজনদের দৈনন্দিন খরচ এবং মানসিক চাপ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হৃদ্‌রোগ চিকিৎসায় সরকারের বিশেষায়িত এই প্রতিষ্ঠানের শয্যাসংখ্যা ১ হাজার ২৫০। গত বছর হাসপাতালটির বহির্বিভাগে সোয়া দুই লাখের বেশি রোগী চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন পৌনে ২ লাখ এবং ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার রোগী। বছরজুড়ে হাসপাতালে মারা গেছেন ৫ হাজার ৯০৯ জন। বড় অস্ত্রোপচার হয়েছে ১ হাজার ৯৭২টি এবং ছোট অস্ত্রোপচার ১৬ হাজার ২৬৯টি। শয্যার বিপরীতে রোগী ভর্তির হার ছিল ১২০ শতাংশ।

রাজধানীর শেরেবাংলা নগরে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় এই হাসপাতাল। এখানে প্রাপ্তবয়স্ক ও শিশুদের হৃদ্‌রোগের চিকিৎসার পাশাপাশি কার্ডিয়াক সার্জারি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, ভাসকুলার সার্জারি, অ্যানেসথেসিওলজি, রেডিওলজি ও ইমেজিং, প্যাথলজি, ব্লাড ব্যাংক এবং ফিজিক্যাল মেডিসিন, রিহ্যাবিলিটেশনসহ ১১টি বিভাগ রয়েছে। হৃদ্‌রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা, জরুরি চিকিৎসা, এনজিওগ্রাম, ক্যাথল্যাবভিত্তিক ইন্টারভেনশন, হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচার এবং শিশুদের জন্মগত হৃদ্‌রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার এখানে করা হয়। পাশাপাশি এমডি (কার্ডিওলজি), এমএস (কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি), ডিপ্লোমা ইন কার্ডিওলজি (ডি-কার্ড)সহ উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন