দিল্লিতে এসআইআর বিরোধী বিক্ষোভে নেমে আটক শতাধিক
ভারতে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর বাতিলের দাবিতে রাজধানী দিল্লিতে পথে নেমে আটক হলেন শতাধিক বিক্ষোভকারী।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, শুক্রবার দুপুরে দিল্লিতে এসআইআর বাতিলের দাবিতে তরুণদের আয়োজিত একটি মিছিলকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা নির্বাচন কমিশন ভবনের দিকে পদযাত্রা নিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।
এ বিক্ষোভকে ঘিরে আগে থেকেই নির্বাচন কমিশন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছিল। ভারতীয় আইন অনুযায়ী, যে স্থানে এই ধারা জারি করা হয়, সেখানে জনসমাগমকে সীমাবদ্ধ থাকে।
খবরে বলা হয়, মিছিলটি আটকে দেওয়ার পর, বিক্ষোভকারীরা একত্রিত হয়ে একটি ‘জনসংসদ’ গঠন করেন। এই বিক্ষোভটি ছিল একটি বৃহত্তর কর্মসূচির অংশ, যার আওতায় ১ নভেম্বর পর্যন্ত ১৮টি রাজ্যের ৮৮টি শহরে প্রতিবাদ কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।
ধারাবাহিক এ বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এরইমধ্যে মধ্য দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যান চলাচলের পথে পরিবর্তন আনা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শুক্রবার দুপুরে দিল্লির গোল ডাকখানার কাছে কালীবাড়ি মার্গ এবং ভাই বীর সিংহ মার্গের সংযোগস্থলে জমায়েত শুরু হয়। জাতীয় পতাকা হাতে ভিড় জমান প্রায় ১০০-১৫০ আন্দোলনকারী। তাদের হাতে ছিল এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে প্ল্যাকার্ড। জমায়েতকারীরা মিছিল করে নির্বাচন সদনের দিকে এগোতে শুরু করতেই পুলিশ আটক করে তাদের।