কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোরসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার আদালতে অভিযোগপত্রটি দেওয়া হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
অভিযোগপত্রে উল্লেখ সাইফুল ইসলাম তুহিনসহ দুই কিশোরকে সরাসরি হত্যায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া সিয়াম পরিকল্পনায় জড়িত ছিল বলে উল্লেখ করা হয়েছে। তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে সাইফুল ইসলাম তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। অপ্রাপ্তবয়স্ক দুজনকে রাখা হয়েছে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে।
অপ্রতিম (১৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে কোটবাড়ী এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মোবাইল ফোন ব্যবসার সঙ্গে জড়িত।