রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের এমডি খুঁজতে বেসরকারি ব্যাংকে নজর
রাষ্ট্রমালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক—এই ছয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যাংকারদেরও বিবেচনা করছে সরকার। এ জন্য যোগ্য প্রার্থী খুঁজছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে চায় সরকার।
এ উদ্দেশ্যে গত সোমবার ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা’ সংশোধন করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিভাগটির সূত্রে এ তথ্য জানা গেছে।
ছয় বাণিজ্যিক ব্যাংকে বর্তমানে কোনো নিয়মিত এমডি নেই। দুই দফায় এসব ব্যাংকের এমডিদের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। প্রথম দফায় গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খান ও বিডিবিএলের এমডি মো. জসিম উদ্দিনের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। দ্বিতীয় দফায় ১৯ অক্টোবর একইভাবে অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয় সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবুর রহমান ও রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামের।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ব্যাংকিং খাত