ভারতের তেলেঙ্গানা রাজ্যে ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণ–তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জানা যায়, তাঁরা প্রেমিক–প্রেমিকা, বিয়ের খরচ জোগাড় করতে এ কাণ্ড করেছেন। ওই যুগলের বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে।
পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে ১৮ অক্টোবর। সেদিন তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের মালকাজগিরির বনস্থলিপুরম থানা–পুলিশ ৬৫ বছর বয়সী এক মন্দিরকর্মীর প্রায় ৩০ গ্রাম ওজনের সোনার চেইন ছিনতাই হওয়ার অভিযোগ পায়।
ওই বৃদ্ধার অভিযোগ, দুই তরুণ–তরুণী তাঁকে সাহায্য করার কথা বলে পরে তাঁর মুখ চেপে ধরে জোর করে তাঁর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেন।
১৮ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪ মিনিটের দিকে ভেঙ্কটা রমনা কলোনির রাজা রাজেশ্বরী মন্দিরে এ ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী আন্দুগুলা রমুলাম্মা মন্দির পরিষ্কার করছিলেন। অন্য কোনো ভক্ত না থাকায় অভিযুক্ত তরুণ–তরুণী তাঁকে তাঁদের শিকার বানান বলে অভিযোগ করা হয়।