প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে থাকছেন না টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।
ওই সফরের প্রস্তুতির কথা বলে সদর দপ্তরে ডেকে পাঠানো এ কূটনীতিক সফরের সময় ঢাকাতেই থাকবেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি তাকে সফর থেকে বাদ রাখার কারণ।
জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ বিষয়ে তিনি ‘কিছু জানেন না’।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার চতুর্থ বিদেশ সফর।
সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রাষ্ট্রদূত