নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি পাঁচজন হলেন মো. জামাল (৩৬), মো. টিপু (৪৫), মো. ফয়সাল (২৫), বাবুল (৩৫) ও মোহাম্মদ শাহজাহান (৩০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ জানান, নরসিংদীর মাধবদী থেকে তাদের এখানে পাঁচজনকে আনা হয়েছে। তাদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ, টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, বাবুলের ৮ শতাংশ এবং শাহজাহানের ৪ শতাংশ দগ্ধ হয়েছে।