ইসলামী ব্যাংকগুলোর মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে লেনদেন ও হিসাবের সংখ্যা দুটিই কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে আগের মাসের তুলনায় এ খাতে লেনদেন কমেছে প্রায় ২০ শতাংশ। একই সময়ে এমএফএস হিসাব কমেছে ২ লাখ ২০ হাজারের বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ে ইসলামী ব্যাংকগুলোর এমএফএসে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭৮ কোটি টাকা। আগস্টে তা কমে দাঁড়ায় ১ হাজার ৩৪৮ কোটি টাকায়। এক মাসে লেনদেন কমেছে ৩৩০ কোটি টাকা। গত বছরের আগস্টের তুলনায়ও লেনদেন কমেছে ২৭১ কোটি টাকা বা ১৬ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে, জুলাইয়ে ইসলামী ব্যাংকগুলোর এমএফএস হিসাব ছিল ২৮ লাখ ৮০ হাজার ৩৭৪টি। আগস্টে তা কমে দাঁড়ায় ২৬ লাখ ৬০ হাজার ৮৮টিতে। এক মাসে হিসাব কমেছে ২ লাখ ২০ হাজার ২৮৬টি। তবে গত বছরের একই সময়ের তুলনায় হিসাব বেড়েছে প্রায় ৬ লাখ ৯৫ হাজার।
কমেছে নগদ জমা, উত্তোলন ও বেতন বিতরণ
আগস্টে এমএফএসে নগদ জমা ও উত্তোলন দুই ধরনের লেনদেনই কমেছে। জুলাইয়ে নগদ জমা বা ক্যাশ ইন হয়েছিল ৩৪৪ কোটি টাকা, আগস্টে তা কমে ২১২ কোটি টাকায় দাঁড়ায়। একই সময়ে নগদ উত্তোলন বা ক্যাশ আউট ৫০৫ কোটি টাকা থেকে কমে ৪০০ কোটি টাকায় নেমেছে।