শুধু জিতলেই হবে না, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে ৪১ রানে জয়ের ব্যবধান রাখতে হবে বাংলাদেশকে। এমন সমীকরণ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে তাওহীদ হৃদয়ের দল ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শেষমেষ পারভেজ হোসেন ইমনের হাফসেঞ্চুরিতে তারা ১৬০ রান তুলতে পেরেছে। ফাইনালে উঠতে হলে আফগানদের আটকাতে হবে ১১৯ রানের মধ্যে।
চোটে পড়া নিয়মিত অধিনায়ক লিটন দাসের বদলি হিসেবে সিরিজে ডাক পাওয়া ইমনই কেবল এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে সান্ত্বনা। তিনি আর সাইফ হাসান ছাড়া কেউই ব্যাটিংয়ে পথ দেখাতে পারেননি। দ্বিতীয় ওভারে জোড়া উইকেটে শুরু, মাঝে এবং শেষেও একই দৃশ্যের মঞ্চায়ন। পঞ্চম উইকেট জুটিটাই কেবল বাংলাদেশকে আশা দেখিয়েছে। সাইফ হাসান ও ইমন মিলে গড়েন ৯৩ রানের জুটি। এর বাইরে কেবলই হতাশা!
বাংলাদেশের পক্ষে ইমন ৯৬ বলে ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭০ এবং সাইফ ৮২ বলে ২ চার ও ১ ছক্কায় ৪১ রান করেছেন। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত’র ১৫ রানের বাইরে আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ডাক নিয়ে ফিরেছেন চার ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। মাঝে আশা দেখালেও সেই বিপর্যয় পুরোপুরি কাটিয়ে উঠতে ব্যর্থ হৃদয়ের দল। দ্বিতীয় ওভারেই তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে দিয়ে শুরু। এরপর সপ্তম ওভারে নাজমুল হোসেন শান্ত ও হৃদয় ১ বলের ব্যবধানে আউট হন। আবার সাইফ দীর্ঘ সময় দৃঢ়তা দেখালেও তার ৪১ রানে বিদায়ের পর নামা মেহেদি মিরাজও পরের ওভারেই ফেরেন।